পুলিশের উসকানিতে আত্মাহুতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগ করে কোনো দিন নিজের শরীরে সামান্য ক্ষত সৃষ্টির সাহসও তাঁর কখনো ছিল না। কিন্তু সেই নিরীহ অটোরিকশাচালক শামীম শিকদার কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন দিয়েছেন ট্রাফিক পুলিশের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে।

হাসপাতালের বিছানায় শুয়ে জেদি লোকটি প্রথম আলোকে বললেন, ‘পুলিশ বলে, সাহস থাকলে আগুন লাগাইয়া দ্যাখ। এই কথা শোনার পর মাথা ঠান্ডা রাখতে পারি নাই। এখন বুঝি, কাজটা ঠিক হয় নাই। দুশ্চিন্তা হয়, সংসারটা চলবে কেমনে।’

গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের (এইচডিইউ) বিছানায় বসে কথা হচ্ছিল শামীম শিকদারের সঙ্গে। তিনি বলেন, ‘উপায় থাকলে নিজের গায়ে আগুন লাগাতাম না। মেয়ের অপারেশনের জন্য টাকা লাগবে। কেরোসিন কিনে নিজের গায়ে নিজে আগুন দিতেছি, পুলিশ না থামায়া উসকানি দেয়, আরও উত্তেজিত করে, কষ্ট উইঠ্যা গেছিল।’

ঘটনাটি ঘটে গত ২৯ জুন সকালে আশুলিয়ার বাইপাইল পুলিশ বক্সের সামনে। ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে গিয়ে সেখানে পুলিশের কাছে অপমানিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্ষোভ থেকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান শামীম। শামীম শিকদারের দুই হাত, বুক, দুই কান, গলা ও মুখের বেশ খানিকটা অংশসহ শরীরের ৮ শতাংশ ঝলসে যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি।

শামীমের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামে। তাঁর বাবা নেই। মা, স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে থাকেন আশুলিয়ার নরসিংহপুরে। স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। সপ্তম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ের কানে সমস্যা। অস্ত্রোপচারে অনেক টাকার প্রয়োজন ছিল তখন।

হাসপাতালে শামীম শিকদার
হাসপাতালে শামীম শিকদার

শামীম প্রথম আলোকে বলেন, ট্রাফিক পুলিশ তাঁর কাছে টাকা চেয়েছে বিষয়টা এমন না। তিনি বলেন, ‘পুলিশ ব্যাটারি খুইলা ফেলে। মাথা হ্যাং হয়ে যায়। টাকাপয়সা চাওয়ার সময় দেই নাই। তার আগেই কাছের বাজার থেকে কেরোসিন কিনি। পুলিশ বক্সের সামনে এসে গায়ে ঢালি। কিন্তু পুলিশ তখন তা না ঠেকায়া উল্টা উসকানি দেয়।’

শামীম বাঁ হাত এখন মুঠো করতে পারেন। তবে ডান হাত মুঠো করতে পারেন না। শক্তিও পান না। গতকাল কানে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা থাকলেও চিকিৎসকেরা বলেছেন, তাঁকে হাসপাতালে আরও কিছুদিন থাকতে হবে। এখন পর্যন্ত তিনি পুলিশের বিরুদ্ধে কোনো মামলা করেননি। তাঁর প্রশ্ন, পুলিশের বিরুদ্ধে মামলা করে কি টিকতে পারবেন?

শামীম বলেন, যে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ, ঘটনার দিন তিনি সেই সড়কে ছিলেন না। ট্রাফিক পুলিশ নিজেই তাঁর অটোরিকশা থামিয়ে তাতে ওঠেন, যে সড়কে অটোরিকশা নিষিদ্ধ, সেই সড়কে যেতে বলেন। ওই সড়কে যাওয়ার পর ওই ট্রাফিক পুলিশ (নাম বলতে পারেননি, তবে দেখলে চিনবেন) অটোরিকশার ব্যাটারি খুলে ফেলেন। তখন শামীম অনেক অনুরোধ করেন ব্যাটারি না খোলার জন্য। কাজ হয়নি। পুলিশ সদস্যটি গালিগালাজ করে লাঠি দিয়ে আঘাতও করেন।

ঘটনার পর থেকে শামীমকে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকেই আর্থিক সহায়তা করা হচ্ছে বলে শামীম ও তাঁর মা রিজিয়া বেগম জানালেন।

শামীম বলেন, তিনি ৬০ হাজার টাকা কিস্তিতে অটোরিকশাটি কিনেছিলেন। এখন অটোরিকশাটি থানায় আটক। ৬০ হাজার টাকার মধ্যে শামীম ১০ থেকে ১২ হাজার টাকা শোধ করেছিলেন। শামীম জানেন না, সামনের দিনগুলোতে তিনি তাঁর পরিবার নিয়ে কীভাবে বাঁচবেন।