পিরোজপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৩) যৌন নিপীড়ন, অশ্লীল ছবি তোলা এবং পরে জোর করে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
এ ঘটনায় পিরোজপুরের নাজিরপুর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমানের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
আসকের রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ওই পুলিশ কর্মকর্তাকে আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। তাঁকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত রুল জারি করেন।
গতকাল ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ প্রকাশিত এক প্রতিবেদন যুক্ত করে আসক প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে।
মাইক্রোবাসের চাপায় ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় গতকাল বুধবার মাইক্রোবাসের চাপায় ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা সৈয়দ শাবাব আহমেদ (৫০) মারা গেছেন।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে শাবাব আহমেদ তাঁর কলেজপড়ুয়া মেয়ে কানিজ ফাতেমাকে নিয়ে মিরপুরের বাসা থেকে মোটরসাইকেলে করে গুলশানে হাইকমিশনে যাচ্ছিলেন। পথে ব্লু মুন হোটেলের সামনে একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শাবাব আহমেদ রাস্তায় পড়ে গেলে মাইক্রোবাসটি তাঁকে চাপা দিয়ে চলে যায়। তাঁর মেয়েও আহত হন। পথচারীরা তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শাবাবের মৃত্যু হয়।
ক্যান্টনমেন্ট থানার এএসআই মো. মাসুম জানান, চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।