পুলিশের এসআই পদে নিয়োগ দেবে কে?
লিখিত পরীক্ষা হয়েছে গত বছর। তার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষাও হয়ে গেছে মাস চারেক আগে। কিন্তু ফল প্রকাশ আটকে আছে। পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে দেড় হাজার লোক নিয়োগের জন্য এই আয়োজন শেষ করে এসে এখন প্রশ্ন দেখা দিয়েছে—তাঁদের নিয়োগ দেবে কে।
পুলিশের এসআই পদটি তৃতীয় শ্রেণীর ছিল। তখন পুলিশ বিভাগ এই পদে লোক নিয়োগ দিত। কিন্তু গত বছর সরকার পদটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করে। নিয়ম অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগের এখতিয়ার সরকারি কর্মকমিশনের (পিএসসি)। দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়ায় পুলিশ বিভাগ এই পদে লোক নিয়োগের এখতিয়ার হারিয়েছে। এই নিয়ে এখন চলছে চিঠি চালাচালি।
সরকারের শেষ মুহূর্তের এই নিয়োগ নিয়ে মন্ত্রী-সাংসদ-প্রভাবশালীদেরও প্রচুর তদবির আছে। চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। গাজীপুর ও ফরিদপুরের দুজন চাকরিপ্রার্থী প্রথম আলোর কাছে দাবি করেছেন, এই পদে নিয়োগের জন্য তাঁরা পাঁচ লাখ টাকা করে দিয়েছেন। কিন্তু চাকরি না হলে এই টাকার কী হবে, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।
শুধু নিয়োগই নয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সব কর্মকর্তার পদোন্নতিও পিএসসির মাধ্যমে হওয়ার কথা। কিন্তু সেটিও পুলিশ বিভাগ নিজেরা করতে চাইছে।
পুলিশের দুজন এসআই সম্প্রতি সব ধরনের পদোন্নতি পিএসসির মাধ্যমে করার জন্য হাইকোর্টে রিট করেছেন। হাইকোর্ট এই পদে সব ধরনের পদোন্নতি তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে সারা দেশে প্রায় ১৫ হাজার এসআই তাঁদের পদোন্নতি নিয়েও অনিশ্চয়তায় আছেন।
জানতে চাইলে পিএসসির আইন কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী প্রথম আলোকে বলেন, ‘পুলিশের পরিদর্শক পদটি প্রথম শ্রেণীর এবং এসআই পদটি দ্বিতীয় শ্রেণীর হওয়ায় আইন অনুযায়ী এই দুই পদের নিয়োগ, পদোন্নতি ও শৃঙ্খলার সব বিষয় পিএসসির সুপারিশের আওতাভুক্ত। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেরা যদি এসআই নিয়োগ করতে চায়, তাহলে ১৯৭৯ সালের সরকারি কর্মকমিশন (পরামর্শকরণ) প্রবিধিমালা, ১৯৭৯ সংশোধনের প্রয়োজন।’
এসআই যেভাবে দ্বিতীয় শ্রেণী: জনপ্রশাসন মন্ত্রণালয়, পিএসসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত নথি অনুযায়ী, ২০০৮ সালের ১১ মে পুলিশের পরিদর্শক পদকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী এবং সার্জেন্ট/এসআই/টিএসআই পদকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই প্রস্তাবে সম্মতি দেওয়ার জন্য ২০০৯ সালের ২৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, ২০১১ সালের ১৪ ডিসেম্বর ওই প্রস্তাবে তারা সম্মতি দিয়েছে। এরপর ১৮ ডিসেম্বর প্রস্তাবটি গেছে অর্থ মন্ত্রণালয়ে। কিন্তু অর্থ বিভাগ ২০১২ সালের ১৯ জুলাই কেবল পরিদর্শক পদটিকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণের বিষয়ে সম্মতি দিলেও সার্জেন্ট/এসআই/টিএসআই পদটিকে দ্বিতীয় শ্রেণী করার বিষয়ে মত দেয়নি। তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী এসআই পদকে দ্বিতীয় শ্রেণী করার ঘোষণা দিলে অর্থ বিভাগের সম্মতি ছাড়াই ২০১২ সালের ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই পদকে দ্বিতীয় শ্রেণীর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
নিয়োগ-প্রক্রিয়া: প্রজ্ঞাপন জারির আগেই ২০১২ সালের ৪ জুন এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। গত বছরের ১৩, ১৪ ও ১৫ জুলাই লিখিত পরীক্ষা নেওয়া হয়। সারা দেশে প্রায় ২০ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেন। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয়। প্রতি জেলায় এক থেকে দেড় শ জন করে সারা দেশে আট হাজারেরও বেশি প্রার্থী এই মৌখিক পরীক্ষা দেন।
অভিযোগ উঠেছে, এই নিয়োগ-প্রক্রিয়া চলাকালেই শুরু হয় মন্ত্রী-সাংসদ ও প্রভাবশালীদের তদবির। সাংসদেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁদের পছন্দের প্রার্থীদের জন্য ডিও (অনানুষ্ঠানিক চিঠি) পাঠিয়েছেন। সেগুলো পাঠানো হয়েছে নিয়োগ কমিটিতে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ ছিল না। তবে গত ৩১ মে চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং পুলিশ বাহিনীর সেবা সম্প্রসারণে আরও দেড় হাজার উপপরিদর্শক নিয়োগ দিচ্ছে সরকার।
এর আগে ২০১০ সালে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ৪৩৪ জন এসআই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। তবে নিয়োগ দেওয়া হয় হাজার খানেক।
পুলিশের দুই সদস্যের মামলা: পুলিশের এই নিয়োগ-প্রক্রিয়ার মধ্যেই এ বছরের ১২ জুন আদালতে একটি মামলা করেন পুলিশের উপপরিদর্শক জাবেদ মাসুদ এবং এস কে খোদা নেওয়াজ। মামলায় তাঁরা বলেন, যেহেতু পরিদর্শক পদটি প্রথম শ্রেণীর এবং উপপরিদর্শক পদটি দ্বিতীয় শ্রেণীর, সে কারণেই এই দুটো পদের পদোন্নতি পিএসসির মাধ্যমে হওয়া উচিত।
ওই মামলার আইনজীবী সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যেহেতু পুলিশের এসআই পদটি দ্বিতীয় শ্রেণীর হয়েছে, কাজেই আইন অনুযায়ী উপপরিদর্শক থেকে পরিদর্শক পদে পদোন্নতি পিএসসির মাধ্যমে হতে হবে। আদালত আমাদের কথা শুনে সব ধরনের পদোন্নতির ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন। এ ছাড়া এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া আদালত পুলিশের আগের পদোন্নতির কার্যক্রম কেন অবৈধ হবে না, সেটিও জানতে চেয়েছেন।’
পুলিশ সূত্রে জানা গেছে, ওই আদেশের পর এসআই থেকে পরিদর্শক পদের পদোন্নতির কার্যক্রমও আটকে গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পিএসসি থেকে গত ৭ জুলাই যে চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, পদোন্নতি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পিএসসির পরামর্শ নিতে হবে।
প্রবিধি সংশোধনের পরামর্শ পিএসসির: পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এসআই পদে আগে সরাসরি নিয়োগ হলেও পরিদর্শক হিসেবে পদোন্নতির ক্ষেত্রে পিএসসির পরামর্শ নিতে হতো। কিন্তু ১৯৮২ সালে রাষ্ট্রপতির জারি করা বিধানে পুলিশ পরিদর্শকের নিয়োগ ও স্থায়ীকরণের বিষয়ে পিএসসির সঙ্গে পরামর্শ করার আবশ্যকতা রদ করা হয়। এর পর থেকে পুলিশ নিজেরাই সেই কাজটি করে আসছে। ওই আইনের অধীনে এবারও এসআই নিয়োগের চিন্তা করে অগ্রসর পুলিশ বিভাগ।
কিন্তু আইন বিশেষজ্ঞরা বলেছেন, ১৯৮২ সালের সামরিক সরকারের বিধানটি কেবল দ্বিতীয় শ্রেণীর পরিদর্শক পদের পদোন্নতির জন্য ছিল। যেহেতু এখন পরিদর্শক প্রথম শ্রেণীর কর্মকর্তা, কাজেই ওই আইন আর প্রযোজ্য হবে না। আবার যেহেতু ওই প্রজ্ঞাপনে এসআইয়ের উল্লেখ নেই, কাজেই তাঁদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না।
এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসআই পদের নিয়োগ/পদোন্নতি/স্থায়ীকরণ/শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পিএসসির সঙ্গে পরামর্শ করার বিধান রহিত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসিকে ১৫ এপ্রিল ও ২৬ মে মাসে দুটি চিঠি দেয়। এর আগে ৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া আরেক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে, পিএসসির সঙ্গে পরামর্শ করার বিধান রদ করা যেতে পারে।
পিএসসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, জনপ্রশাসন থেকে পাঠানো এসব চিঠির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গত ২৩ জুন সরকারি কর্মকমিশনের বৈঠক হয়।
পিএসসির একজন সদস্য প্রথম আলোকে জানান, আইনের বাধ্যবাধকতার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কিন্তু তাঁরা বলেন, নিয়োগ-প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে। এখন পেছনে ফেরার সুযোগ নেই। তাই একটি উপায় বের করতে হবে। এরপর পিএসসিই তাঁদের প্রবিধিমালা সংশোধনের পথ বাতলে দেয়। ১৯৭৯ সালের প্রবিধিমালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালকসহ বেশ কিছু কর্মকর্তা নিয়োগের জন্য মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া হয়েছে। কাজেই বিধিমালা সংশোধন করে পুলিশের এসআই পদটিকেও সেখানে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।
সর্বশেষ গত ২৩ জুনের বৈঠকের সিদ্ধান্ত হিসেবে ৭ জুলাই পিএসসির এক চিঠিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পরামর্শকরণ) প্রবিধিমালা, ১৯৭৯ সংশোধনের কার্যক্রম নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কমিশন। চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শককেও দেওয়া হয়েছে।
প্রবিধি সংশোধনে সময় লাগবে: জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ১৯৭৯ সালের প্রবিধি সংশোধন করতে হলে প্রথমে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দিতে হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনপ্রশাসন ও অর্থ বিভাগের অনুমোদনের পর সেটি যাবে সচিব কমিটিতে। এর পরই ওই বিধান সংশোধন করা সম্ভব হবে।
জানতে চাইলে নিয়োগ কমিটির প্রধান আইজিপি পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত পুলিশের সমন্বয়ক ফণীভূষণ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যেহেতু পুলিশের এসআই একটা বিশেষায়িত পদ, এখানে শরীরের মাপ থেকে শুরু করে অনেক যোগ্যতার বিষয় আছে, কাজেই পুলিশ বিভাগই এই নিয়োগ করবে। পিএসসি থেকে আমাদের অনাপত্তি দেওয়া হয়েছে।’
দ্বিতীয় শ্রেণীর এই পদে কীভাবে নিয়োগ হবে জানতে চাইলে ফণীভূষণ চৌধুরী বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা যেভাবে নিয়োগ হয় সেভাবেই হবে।’ পিএসসির প্রবিধিমালা সংশোধনের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পিএসসি হয়তো জনপ্রশাসনে ওই চিঠি পাঠিয়েছে। আমরা এখনো পাইনি।’
তবে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইনবহির্ভূতভাবে নিয়োগের চেষ্টা করলে তা যেকোনো মুহূর্তে আটকে যেতে পারে। কাজেই আইনকানুন মেনেই অগ্রসর হওয়া উচিত।