পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুলিশের এক উপপরিদর্শককে ছুরিকাঘাত করে টাকা রাখার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। লিয়াকত আলী (৪২) নামের পুলিশের ওই এসআই সিলেটের গোয়াইনঘাট থানায় কর্মরত। ছিনিয়ে নেওয়া ব্যাগে দুই লক্ষাধিক টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। গতকাল বুধবার দুপুরে নগরের তালতলায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর সত্যতা পাননি বলে জানান। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত লিয়াকত আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা একটা ৩০ মিনিটের সময় লিয়াকত তালতলার গুলশান সেন্টারের সামনে দিয়ে রিকশা দিয়ে নগরের হাওয়াপাড়ায় নিজ বাসায় যাচ্ছিলেন। এ সময় চারটি মোটরসাইকেল নিয়ে আটজন যুবক তাঁকে ঘিরে ধরে। রিকশায় থাকা অবস্থায় তারা লিয়াকতের হাত থেকে ব্যাগটি কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর দিকে পিস্তল তাক করে দুইটি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ঘটনাস্থলে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছিনতাইকারীরা তখন লিয়াকতের ডান হাতে ছুরিকাঘাত করে টান দিয়ে ব্যাগটি ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুুলিশ লিয়াকতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন লিয়াকতের হাতে অস্ত্রোপচার করা হচ্ছে বলে তাঁর স্ত্রী ইয়াসমিন বেগম সাংবাদিকদের জানান। ঘটনা সম্পর্কে স্বামীর বরাত দিয়ে ইয়াসমিন জানান, গতকাল রাতে লিয়াকত কুমিল্লায় নিজ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পূর্ব জিন্দাবাজার এলাকার ডাচ্-বাংলা ব্যাংক সিলেট শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করে ব্যাগে রেখে তিনি রিকশাযোগে বাসায় ফেরার পথে ঘটনাটি ঘটে।খবর পেয়ে মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়াসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।