রাজধানীর এলিফ্যান্ট রোডে গতকাল বুধবার সকালে একটি গাড়ি থেকে ৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) পাঁচজনকে গ্রেপ্তার ও দুটি গাড়ি আটক করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এসআই রুহুল আমিন, মাকসুদ আলম (২৮), আবদুল আহাদ (২৪), খালেদ হাসান (২৩) ও তাঁর বান্ধবী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের এক ছাত্রী (১৯)। জানা গেছে, আহাদ ও খালেদ পরস্পরের বন্ধু। রুহুলকে গত জুলাই মাসে হাজারীবাগ থানা থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। তিনি বর্তমানে ছুটিতে আছেন বলে জানিয়েছেন। র্যাবের সন্দেহ, মাকসুদ ইয়াবা বিক্রেতা।র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার শাফিউল সারোয়ার জানান, ওই পাঁচজনকে সকাল আটটার দিকে এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। সকালে একটি টয়োটা করোনা প্রিমিও গাড়িতে করে আহাদ, খালেদ ও ওই তরুণী অ্যারোপ্লেন মসজিদের পাশের গলিতে যান। একটু পর মাকসুদকে সামনে বসিয়ে তাঁদের নিয়ে গাড়িটি গলি থেকে বেরোতে গেলে স্থানীয় যুবকেরা সেটি আটকান। এ নিয়ে গাড়ির আরোহীদের সঙ্গে যুবকদের বাগিবতণ্ডা হয়। যুবকেরা একপর্যায়ে বিষয়টি র্যাবের টহল দলকে জানান। র্যাব সেখানে গিয়ে মাকসুদ, আহাদ, খালেদ ও ওই তরুণীকে আটক ও গাড়ি থেকে ৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। গাড়িটির মালিক খালেদ, গাড়ি চালাচ্ছিলেন আহাদ। গাড়িটিও আটক করা হয়।শাফিউল সারোয়ার আরও জানান, এর একটু পর একটি নিশান ইনফিনিটি গাড়িতে করে আহাদের মামা ইমরান এসআই রুহুল আমিনকে নিয়ে সেখানে যান। রুহুল চোটপাট শুরু করেন এবং একপর্যায়ে পিস্তলও বের করেন। বাগিবতণ্ডার একপর্যায়ে তিনি র্যাবের এক কর্মকর্তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। র্যাবের সদস্যরা দৌড়ে তাঁকে ধরে ফেলেন। তবে ইমরান পালিয়ে যান। ইমরানের গাড়িটিও আটক করা হয়েছে। রুহুলের সরকারি পিস্তলও আটক করে র্যাব। পরে আটক পাঁচজনকে র্যাব-২-এর সাতমসজিদ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।র্যাব জানায়, এ ঘটনায় ইমরান ও ওই পাঁচজনের বিরুদ্ধে বিকেলে নিউমার্কেট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়। আটক ব্যক্তিদের ও দুটি গাড়ি পুলিশে সোপর্দ করা হয়েছে।দুপুরে র্যাব-২-এর সাতমসজিদ ক্যাম্পে আটক থাকা ওই তরুণী প্রথম আলোকে জানান, তাঁর বন্ধু খালেদ থাইল্যান্ডে লেখাপড়া করেন। ঈদ উপলক্ষে সম্প্রতি তিনি দেশে এসেছেন। সকালে নাশতা করার কথা বলে খালেদ তাঁকে বাসা থেকে নিয়ে বের হন এবং নাশতা করতে এলিফ্যান্ট রোডে যান। গাড়িটি চালাচ্ছিলেন আহাদ। এ সময় হঠাৎ মাকসুদ গাড়িতে উঠে পড়েন। এরপর স্থানীয় যুবকেরা গাড়ি আটকে ঝগড়া শুরু করেন।খালেদ ও আহাদ জানান, তাঁরা পরিস্থিতির শিকার। খালেদ জানান, তিনি মাকসুদকে চেনেন না। হঠাৎ তিনি গাড়িতে উঠে পড়েন। তবে মাকসুদ দাবি করেন, তাঁকে গাড়িতে তোলা হয়েছে।র্যাব জানায়, ইয়াবা বড়ি বিক্রির জন্যই মাকসুদ ওই গাড়িতে উঠেছিলেন। তিনি আহাদের পরিচিত। এসআই রুহুল আমিন জানান, ইমরান তাঁর বন্ধু। তাঁর ফোন পেয়েই তিনি সেখানে গিয়েছিলেন। অস্ত্র প্রদর্শনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি ছুটিতে আছেন।খবর পেয়ে র্যাব-২-এর সাতমসজিদ ক্যাম্পে যান ওই তরুণীর মা। সেখানে তিনি সাংবাদিকদের জানান, তাঁর মেয়ে ‘এ’ লেভেল শেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। খালেদের সঙ্গে তাঁর বন্ধুত্ব আছে। সকালে নাশতা করার কথা বলে খালেদ তাঁকে নিয়ে বের হন।