পুলিশের এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার মামলা করা হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২)-এ উপজেলার শংকরপুর গ্রামের আবদুল হামিদের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক আগামী ১৪ জুন মামলার বাদীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য করেছেন। মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২৩ মে এক সহকারী উপপরিদর্শককে দিয়ে সিরাজুল ইসলাম তাঁকে কোয়ার্টারে ডেকে নেন। পরে ঘরে ঢোকামাত্র সিরাজুল ইসলাম দরজা বন্ধ করে দিয়ে তাঁকে জোর করে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তিনি চিৎকার করলে সিরাজুল ইসলাম তাঁকে মারধর করেন। পরে দুটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন।এ ব্যাপারে উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘আমি মামলার ব্যাপারে কিছুই জানি না। আদালত থেকে কোনো তথ্য পাইনি।’