পুলিশের ওপর কাঠ পাচারকারীদের হামলা, আহত ৩
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে কাঠ পাচারকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা কাঠবোঝাই একটি ট্রাক ছিনিয়ে নিয়েছে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হন।
গত সোমবার রাতে ডুলাহাজারা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান ভূঁইয়া বলেন, কাঠ পাচার করার খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপমারা ও হাড়গাজা এলাকায় অভিযান চালাতে যায়। একপর্যায়ে পুলিশ হাড়গাজা থেকে কাঠবোঝাই একটি ট্রাক আটক করে। ট্রাকটি বন বিভাগের কার্যালয়ে নেওয়া হচ্ছিল। ডুলাহাজারা বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে কাঠ পাচারকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ট্রাকটি নিয়ে যায়। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হন। কনস্টেবল আজিজুল হক গুরুতর আহত হন। পরে লামার পাশের কক্সবাজারের চকরিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।