পুলিশের ওপর জঙ্গি হামলার আশঙ্কা কমিশনারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিরা পুলিশ ও বিদেশিদের ওপর হামলা করতে পারে বলে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। জঙ্গিরা তাদের সহযোগীদের উজ্জীবিত করতে এ ধরনের হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত গত সেপ্টেম্বরের মাসিক অপরাধ সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ কর্মকর্তাদের এসব কথা বলেন। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ সভায় ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে উপকমিশনার, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার থেকে উপকমিশনার এবং ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি দমনে পুলিশের সাফল্য আছে। তবে গা ছাড়া ভাব করা যাবে না। জঙ্গিরা সংগঠিত হয়ে বড় ধরনের হামলা চালিয়ে তাদের সহযোগীদের উজ্জীবিত করার পাঁয়তারা করছে। পুলিশের কাছ থেকে জঙ্গিরা অস্ত্র কেড়ে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা বলেন, পুলিশকে সদাসতর্ক থাকতে হবে।
ডিএমপি কমিশনার সেপ্টেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন। সেপ্টেম্বরে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে পুলিশের ওয়ারী বিভাগ। ডিএমপির গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের যুগ্ম কমিশনার আতাউল কিবরিয়া, পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের যুগ্ম কমিশনার ইমতিয়াজ আহমেদ।
জঙ্গিবাদ দমনে স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মাসের সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।