পুলিশের ওপর বোমা হামলাকারী জঙ্গি চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর বোমা হামলাকারী জঙ্গি সৈকতকে (২৫) চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁকে গতকাল শনিবার মহানগর হাকিম আল মামুনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে দয়াগঞ্জ মোড়ে তল্লাশি চৌকিতে পুলিশের ওপর বোমা হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ।বোমা হামলার সময় আটক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি সৈকতকে জিজ্ঞাসাবাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, নগরের ধলপুর ও কোনাপাড়ায় দুটি জঙ্গি আস্তানা শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে আস্তানা দুটিতে অভিযান চালানো হয়। তবে এর আগেই জঙ্গিরা সেখান থেকে সরে পড়ে বলে ডিবি সূত্রে জানা গেছে।সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত পুলিশকে জানান, তিনি ধলপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। সেখানেই গ্রেনেডের আদলে ওই বোমাগুলো তৈরি করা হয়। তিনি দুটি ব্যাগে সাতটি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাবুবাজার ব্রিজের কাছে অপর এক জঙ্গির কাছে এসব বোমা ও বিস্ফোরক পৌঁছানোর কথা ছিল। কিন্তু এর আগেই পৌনে ছয়টায় দয়াগঞ্জ মোড়ে পুলিশের তল্লাশি চৌকির সামনে পড়েন সৈকত। ডিবি সূত্র জানায়, তারা ওই দুই জঙ্গিকে ধরতে রাতেই জেএমবির দুটি আস্তানায় অভিযান চালায়। অভিযান অব্যাহত রয়েছে।