
এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশের ওপর ভরসা রাখতে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নগরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। সভায় তথ্যমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুপ্তহত্যার চক্রান্তের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন যখন দক্ষতার সঙ্গে আগুনযুদ্ধ থামাতে পেরেছে, জঙ্গি তাণ্ডব থামাতে পেরেছে, গুপ্তহত্যার বেশির ভাগ হত্যাকারীকে চিহ্নিত করতে পেরেছে, পুলিশ এবারও সফলতার পরিচয় দেবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, খালেদা জিয়া ক্ষমতা দখলের জন্য পাগল হয়ে গেছেন। যেকোনোভাবে সরকারের পতন ঘটানোর মহা চক্রান্তে লিপ্ত রয়েছেন তিনি। সেই চক্রান্তের অংশ হিসেবে সাম্প্রতিককালের গুপ্তহত্যাগুলো ঘটছে।’
এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বেশির ভাগ গুপ্তহত্যার ক্ষেত্রে আমরা আসামিদের ধরতে পেরেছি। আদালতে পাঠাচ্ছি। অভিযোগপত্র দেওয়া হচ্ছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডকে চিহ্নিত করতে পেরেছি। সম্প্রতি মাহমুদা খানমসহ আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। আশা করছি, পুলিশ প্রশাসন অতীতের মতো এই হত্যার পেছনে কারা জড়িয়ে আছে, তাদের চিহ্নিত করতে পারবে। ইতিমধ্যে কিছু সন্দেহজনক লোক ধরা পড়েছে। যেহেতু এটি তদন্তের মধ্যে আছে, আমি এর বেশি মন্তব্য করতে চাই না। তবে আমি বলব, আপনারা ভরসা রাখতে পারেন আমাদের পুলিশ প্রশাসনের ওপর।’
গুপ্তহত্যাসহ এসব হত্যাকাণ্ডকে বাংলাদেশে বর্তমানে সাংবিধানিক রাজনৈতিক প্রক্রিয়ার যে স্থিতিশীলতা চলছে, তা বিনষ্টের ষড়যন্ত্রমাত্র বলে করছেন তথ্যমন্ত্রী।
খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, সরকারকে দোষারোপ করে লাভ নেই। সরকার কোনো দোষারোপের রাজনীতি করছে না। মানুষ পোড়ানো ও গুপ্তহত্যার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে জামায়াতে ইসলামী, শিবিরের ও বিএনপির অনেক সদস্যের। সাম্প্রতিককালে আগুনযুদ্ধে ছয় শতাধিক মানুষকে আগুনবোমা হাতে ধরা হয়েছিল। তার ৯৯ ভাগ বিএনপি অথবা জামায়াতের কর্মী। সুতরাং আগুনযুদ্ধে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা নেই, এই মিথ্যা কথা বলে কোনো লাভ নেই।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ষড়যন্ত্র, চক্রান্ত, মানুষ পোড়ানো, গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। এসব অপরাধ থেকে নিজেদের আড়াল করতে তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো হিসেবে সরকারকে দোষারোপ করার চেষ্টা করছে।’
অতীত ইতিহাস টেনে মন্ত্রী বলেন, ‘ধারাবাহিকভাবে বাংলাদেশে যে গুপ্তহত্যা চলছে, এ ব্যাপারে খালেদা জিয়া ও বিএনপির রহস্যজনক বিবৃতি এবং রহস্যজনক ভূমিকা লক্ষ্য করছি। কখনো সরবভাবে যুদ্ধাপরাধীদের অথবা জঙ্গিদের পক্ষ নিচ্ছে। তারা বিভিন্ন হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে এই সাত বছরে খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে, সংবিধানের প্রশ্নে হত্যাকাণ্ড, সন্ত্রাস, নাশকতা, আগুনযুদ্ধ ও গুপ্তহত্যা প্রসঙ্গে তারা পরিচ্ছন্ন কোনো অবস্থান গ্রহণ করেনি। এমনকি জামায়াতে ইসলামীকে ত্যাগ করেনি। খালেদা জিয়া ধারাবাহিকভাবে বৈধ ও নির্বাচিত সরকারকে উৎখাত করার চেষ্টা করছেন।’
মন্ত্রী বলেন, শেখ হাসিনার হাতে উন্নয়নের চাবি আর খালেদা জিয়ার হাতে ষড়যন্ত্র ও রক্তের ছাপ এবং গায়ে মানুষ পোড়ানোর গন্ধ। শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধারা। খালেদা জিয়ার পাশে রাজাকার, যুদ্ধাপরাধী, আগুনসন্ত্রাসী আর জঙ্গিরা। সরকারকে দায়ী করে কোনো লাভ নেই। উপরন্তু, তাঁকে জবাবদিহি করতে হবে তাঁর চক্রান্তের রাজনীতি সম্পর্কে।