পুলিশের ওপর শিবিরের আচমকা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ষোলশহর দুই নম্বর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মী পুলিশের ওপর আচমকা লাঠিসোঁটা ও ইটপাথর নিয়ে হামলা চালিয়েছেন।এতে প্রথমে পিছু হটলেও পরে পুলিশ হামলকারীদের প্রতিরোধ করে। একপর্যায়ে হামলাকারী শিবিরের কর্মীরা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দিকে পালিয়ে যান।পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। পরে সাঁড়াশি অভিযান শুরু করা হয়। এতে আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মিরাজ আহম্মেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে আচমকা হামলার আগে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ষোলশহর দুই নম্বর গেটের প্রায় ৫০০ গজ উত্তরে বেবি সুপার মার্কেট এলাকায় জড়ো হন। সেখানে তাঁরা মিছিল করেন। তবে মিছিলের স্থায়িত্ব ছিল কয়েক মিনিট।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ছাত্রশিবিরের হামলার পরই ষোলশহর দুই নম্বর গেট এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশের সিডিএ অ্যাভিনিউ ফাঁকা হয়ে পড়ে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই নম্বর গেট এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি, ৪০ থেকে ৫০ জন যুবক লাঠিসোঁঠা নিয়ে পুলিশের ওপর হামলা করছিল। পুলিশও পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কিছুক্ষণের জন্য রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পরে হামলাকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।’পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনার কয়েক মিনিট আগে আমরা খবর পেয়ে দুই নম্বর গেট এলাকায় জড়ো হই। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা প্রস্তুত ছিলেন। শিবিরকর্মীরা হামলা শুরুর সঙ্গে সঙ্গেই আমরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করি। পুলিশ তাদের লক্ষ্য করে শটগানের গুলি এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে তারা ভাঙচুরের তেমন সুযোগ পায়নি।’