পুলিশের ওপর সন্ত্রাসী হামলা গফরগাঁওয়ে আসামি ছিনতাই
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখীবাজারে একদল সন্ত্রাসী পুুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা স্থানীয় একটি পিকআপ গাড়িতে ব্যাপক ভাঙচুরসহ পুলিশের সাতটি গুলিভর্তি শর্টগানের একটি ম্যাগাজিন লুট করে নিয়ে যায়। গত শুক্রবার সন্ধ্যারাতে গফরগাঁও থানার উপপরিদর্শক নাজিরুজ্জামান উপজেলার মুখীবাজার থেকে আসামি নাদির উদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় পুলিশের উপপরিদর্শক নাজিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।খবর পেয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ম্যাগাজিন উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে আটক করেন। পুলিশি কাজে বাধা দেওয়া ও গুলি লুটের ঘটনায় থানার উপপরিদর্শক নাজিরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন।আর আটককৃত মো. সোহেল মিয়া, মো. নাজমুল আলম সিদ্দিকী, মো. মনিরুজ্জামান সুজন, মো. আকতারুজ্জামান ও মো. ইসলাম মিয়াকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। আজ রোববার আসামিদের ময়মনসিংহের আদালতে পাঠানো হবে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, থানার উপপরিদর্শক নাজিরুজ্জামান শুক্রবার সন্ধ্যায় মুখীবাজার থেকে একটি মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতদের এবার আদালতে পাঠানো হবে। ছিনিয়ে নেওয়া আসামি মো. মোফাজ্জল হোসেনকে উদ্ধারের চেষ্টা চলছে।