পুলিশের ওপর হামলা, আট জুয়াড়ি ছিনতাই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকায় গত সোমবার রাতে এক ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে আট জুয়াড়িকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে৷
আহত ব্যক্তিরা হলেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম উদ্দিন চৌধুরী, সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফেজ খাঁন, কনস্টেবল বিপুল চাকমা, মো. ইলিয়াছ ও আনসার সদস্য আরদেশ বড়ুয়া৷ তাঁদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সোনালী বাজারের মঞ্জুর আলমের একটি পরিত্যক্ত দোকানে জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়৷ এ সময় হাতেনাতে মগনামা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্বাছ উদ্দিনসহ আট জুয়াড়িকে আটক করা হয়। তবে আব্বাছ উদ্দিন পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হলে পুলিশ তাঁদের হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলে। এ সময় ইউপি সদস্য মো. শাহ আলমের নেতৃত্বে ৪০-৫০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আট জুয়াড়িকে ছিনিয়ে নিয়ে যান। এতে আনাসারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে পেকুয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত আনসার ও পুলিশ সদস্যদের উদ্ধার করে।
মো. শাহ আলম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর এলাকার লোকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে মামলা দেবে—এ আশঙ্কায় তাদের পুলিশের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে জুয়াড়ি ছিনতাই এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আহত এসআই কাইয়ুম উদ্দিন চৌধুরী ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।