পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজিরঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে গত রোববার রাতে ছাত্রলীগের ২৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এ ঘটনায় রাতেই মো. রুবেল (২৪) ও সগির হোসেন (২২) নামের ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ১৮ মে ছাত্রলীগের কর্মী ফাহাদ ও তাঁর সহযোগীরা উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী খোকন জমাদ্দারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে রোববার দুপুরে ফাহাদের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২২ জন নেতা-কর্মী খোকনের বাড়িতে লুটপাট চালান। এ সময় খোকনকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকনকে উদ্ধার করে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মঠবাড়িয়া পৌর ভবনের সামনে বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। হামলায় তুষখালী পুলিশ ক্যাম্পের হাবিলদার সৈয়দ ইউনুস আলী (৪৮) আহত হন। এ সময় তাঁরা খোকনকে আবারও মারধর করেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাতে খোকনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় মঠবাড়িয়া থানার উপপরিদর্শক আজিজুর রহমান বাদী হয়ে ছাত্রলীগের ২৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ঘটনায় রুবেল ও সগিরকে গ্রেপ্তার করা হয়।

এদিকে খোকনের বোন নাজমা বেগম বাদী হয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ফাহাদকে প্রধান আসামি করে থানায় আরেকটি মামলা করেন। নাজমা বেগম বলেন, চাঁদার টাকা না পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ভাইকে মারধর করেন ও বাড়িতে লুটপাট চালান।