নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের কিসমত-করিমপুর এলাকায় ছেলেধরা সন্দেহে ধৃত এক যুবককে থানায় আনতে গিয়ে স্থানীয় লোকজনের হামলার শিকার হয়েছেন পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) চার সদস্য। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটির কাচ ভাঙচুর করে উত্তেজিত জনতা।গতকাল সোমবার বেলা সোয়া তিনটার দিকে কিসমত-করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশের সদস্যরা হলেন উপপরিদর্শক আনোয়ার হোসেন, দুই কনস্টেবল জমির উদ্দিন ও গিয়াস উদ্দিন এবং গাড়িচালক মজিবুর রহমান। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে কিসমত-করিমপুর এলাকার বাসিন্দারা ওই এলাকায় ঘোরাফেরা করার সময় শাহেদ বোরহানউদ্দিন (২৫) নামের এক যুবককে ছেলেধরা সন্দেহে আটক করে পিটুনি দিয়ে থানায় খবর দেয়। শাহেদের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার হুগলী গ্রামে।বেলা সোয়া তিনটার দিকে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে টহলে থাকা পুলিশ সেখানে গিয়ে শাহেদকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সদস্যরা শাহেদকে তাঁদের গাড়িতে ওঠানোর পর তিনি (শাহেদ) স্থানীয় লোকজনকে দেখে নেওয়ার হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা পুলিশের গাড়ি থেকে শাহেদকে ছিনিয়ে নিয়ে তাঁর ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়। এ সময় সেখানে উপস্থিত থাকা পুলিশের সদস্যরা তাঁকে রক্ষা করতে গিয়ে নিজেরাই এলাকাবাসীর হামলার শিকার হন। ক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের পিকআপ ভ্যানটির কাচ ভেঙে দেয়।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও শাহেদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পিটুনিতে গুরুতর আহত শাহেদকে পুলিশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।হাসপাতালে শাহেদের ভগ্নিপতি মো. সেলিম প্রথম আলোকে বলেন, তাঁর শ্যালক শাহেদ নোয়াখালী সরকারি কলেজের বিএসএস তৃতীয় বর্ষের ছাত্র। কিছুদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছেন। রোববার হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায় তাঁর চৌমুহনীর মণ্ডলপাড়ার বাসায় যাওয়ার পর গতকাল বিকেলে ঘুরতে বের হলে ওই ঘটনা ঘটে। জানতে চাইলে ছেলেধরা সন্দেহে যুবককে মারধর এবং পুলিশের ওপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, হামলাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।