পুলিশের ওপর হামলা গুলিতে ডাকাত নিহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নিতাইশা এলাকায় গত রোববার রাতে একদল ডাকাত পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে পুলিশের এক কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। নিহত ব্যক্তির নাম সামিউল ইসলাম (৩৫)। তিনি জয়পুরহাট জেলা সদরের পুরনাপৈল এলাকার বাসিন্দা।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলামের ভাষ্যমতে, গত রোববার রাত ১০টার দিকে থানার এএসআই জাভেদ হোসেন ও পুলিশের সদস্য (কনস্টেবল) জিয়াউর রহমান ঘোড়াঘাটের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল নিয়ে টহল দেওয়ার জন্য যান। তাঁরা নিতাইশা এলাকায় পৌঁছালে ১৪ থেকে ১৫ জনের ডাকাতদলটি সড়কে দড়ি দিয়ে তাঁদের ফেলে দেয় এবং লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে জাভেদ ও জিয়াউরের মাথা ফেটে যায়। এ সময় জাভেদ তাঁর রিভলবার থেকে তিনটি গুলি ছুড়লে সামিউল ঘটনাস্থলেই নিহত হন। তখন জিয়াউর রাইফেল থেকে একটি গুলি ছুড়লে ডাকাতেরা পালিয়ে যায়। রাত ১১টার দিকে পুলিশের আহত কর্মকর্তা ও সদস্যকে উদ্ধার করে উপজেলার ওছমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত ডাকাতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়।এ বি এম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এএসআই জাভেদ বাদী হয়ে গতকাল সোমবার ১৫ থেকে ২০ জন ডাকাতের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।