পুলিশের ওপর হামলা চাঁদপুরে ২২ শিবির কর্মী গ্রেপ্তার
চাঁদপুরে ইসলামী ছাত্রশিবিরের ২২ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া কর্মীরা হলেন মো. আক্তার হোসেন, মো. জিতু মিয়া, মো. আবদুল আমিন, মো. ফকরুল ইসলাম, মো. আলাউদ্দিন, মো. মিজানুর রহমান, ফয়েজ আহমেদ, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম, ফারুক আহমেদ, সাব্বির আহমেদ, বিল্লাল হোসেন, জসিম উদ্দিন, জিসান আহমেদ, আবদুল্লাহ আল- মামুন, সারোয়ার হোসেন, সাইফুল ইসলাম, নেছার আহমেদ, আবদুল বারী, শামছুদ্দিন, মো. সুমন মিয়া ও মো. শাহ আলম। তাঁদের মধ্যে আবদুল বারীর বাড়ি ফেনী জেলায়। অন্যরা চাঁদপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে সোমবার সন্ধ্যায় শিবির কর্মীরা শহরে মিছিল বের করেন। মিছিলকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালান। এতে এক উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের তিন সদস্য আহত হন। ওই ঘটনায় রাতেই শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় দুটি মামলা করা হয়।