পুলিশের ওপর হামলা মামলার আসামিকে ধরিয়ে দিল শিক্ষার্থীরা
পুলিশের ওপর হামলা মামলার আসামি ছাত্রশিবিরের এক কর্মীকে ধরে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নগরের নাসিরাবাদ বয়েজ হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আসামির নাম সাজিদ আবদুল্লাহ ওরফে জিয়াউর রহমান জিয়া।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, শিবির ক্যাডার সাজিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে, দ্রুত বিচার আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা রয়েছে। খুলশী এলাকায় গাড়ি পোড়ানোর মামলারও আসামি সাজিদ।
ওসি বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওআর নিজাম রোড শাখার ক্যাম্পাসে সাজিদের নিয়মিত যাতায়াত ছিল। নিজেকে মানবাধিকারকর্মী হিসেবে পরিচয় দিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কাছে ঘেঁষতে চেয়েছিলেন সাজিদ।
কোতোয়ালি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মনসুর প্রথম আলোকে বলেন, মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওআর নিজাম রোড শাখার ক্যাম্পাসে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষকে ইফতার করাচ্ছেন। শিবির ক্যাডার সাজ্জাদ এই সুযোগটি নিয়ে তাঁর সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছেলের তাঁকে চিনতে পেরে পুলিশে দিয়েছেন।