পুলিশের ওপর হামলা, যুবলীগ নেতাসহ আসামি ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় তারাব পৌর যুবলীগের সভাপতি আবদুল আউয়ালসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বাদী হয়ে এ মামলাটি করেন। তবে এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে গতকাল বুধবার যুবলীগ নেতা আবদুল আউয়ালের সঙ্গে পুলিশের কথা–কাটাকাটি হয়। পুলিশ জানায়, একপর্যায়ে আবদুল আউয়ালের পক্ষে যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে রূপগঞ্জ থানার দুই এসআইসহ চার পুলিশ সদস্যকে আহত করেন। এ সময় নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) বদরুল আলম মোল্লার পিকআপ ভ্যান ও একটি পুলিশ বক্সও ভাঙচুর করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, সরকারি কাজে বাধা দান, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর ও রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এ মামলাটি হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।