পুলিশের ওপর হামলা সন্ত্রাসী ছিনতাই, অস্ত্র লুট
নোয়াখালীর সেনবাগ উপজেলায় গতকাল বুধবার সিরাজ পাটোয়ারী (৩২) নামের এক সন্ত্রাসীকে সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নেওয়ার পথে হামলা হয়েছে। পরে সিরাজ পালিয়ে যান। এ সময় পুলিশের একটি শটগান খোয়া যায়। সিরাজ উপজেলার উত্তর বীজবাগ গ্রামের সুয়াগাজী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় খোরশেদ আলম ও সৌরভ হোসেন নামে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। খোরশেদকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সন্ত্রাসী সিরাজ স্থানীয় খলিল মিয়ারহাটের আজাদের হোটেলে ৪৫ টাকার নাশতা করে টাকা না দিয়ে চলে যেতে চান। এ সময় মালিকের ছেলে রুবেল তাঁর কাছে নাশতার ও আগের পাওনা টাকা চাইলে তিনি গালাগাল করে চলে যান। কিছুক্ষণ পর সিরাজ একটি কিরিচ নিয়ে এসে হোটেলে হামলা চালান। হামলায় রুবেল আহত হন। এ ঘটনার পর রুবেল ও তাঁর বাবা ঘটনাটি বাজার কমিটির সভাপতিকে জানালে তিনি অন্য ব্যবসায়ীদের নিয়ে এসে তাঁকে কিরিচসহ আটক করে থানায় খবর দেন। ঘটনার পর থেকে ব্যবসায়ীরা তাঁর বিচারের দাবিতে কল্যান্দি-চন্দেরহাট সড়ক অবরোধ করে রাখেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশের একটি দল সিরাজকে আটক করে অটোরিকশায় করে থানার দিকে রওনা হন। অটোরিকশাটি কিছুদূর আসামাত্র একদল লোক অটোরিকশার ওপর হমলা চালায়। এতে অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় সিরাজ পালিয়ে যান ও পুলিশের একটি শটগান খোয়া যায়। রাত সাড়ে আটটার দিকে ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) জাকির হাসান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তবে রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার বা পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পারেনি পুলিশ।সেনবাগ থানার ওসি এমরান আলী পুলিশের ওপর হামলা ও একটি শটগান খোয়া যাওয়ার কথা নিশ্চিত করে বলেন, অস্ত্রটি সন্ত্রাসী সিরাজ নাকি হামলাকারীরা নিয়ে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।