পুলিশের ওপর হামলার অভিযোগে আটক ৫
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন সদরে গত সোমবার দুপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর গ্রামবাসী হামলা করলে পুলিশের চার সদস্য আহত হন। এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ জন গ্রামবাসী আহত হন।আহত পুলিশ সদস্যরা হলেন: হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ, এএসআই আবু সাঈদ, সিপাহি সাইদুল ইসলাম ও রুহুল আমিন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করে। তাঁরা হলেন: হান্ডিয়াল গ্রামের আবদুল জব্বার, আবদুল ছাত্তার, আবদুল ওয়াহেদ, বেজপাটিয়াতা গ্রামের আবদুল মজিদ ও হাসুপুর গ্রামের শামসুল হক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা দুইটার দিকে এসআই নূর মোহাম্মদ বাদী বাচ্চু মিয়া ও বিবাদী আল মাহমুদের করা একটি মামলা তদন্ত করতে হান্ডিয়াল বাজারের পাশের চূর্ণকারপাড়া গ্রামে যান। তদন্তকালে এসআই এলাকার প্রধানদের ডেকে মামলার বিষয়বস্তু উল্লেখ করে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন। কিন্তু তাঁরা স্বাক্ষর করতে রাজি না হলে পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা বেধে যায়। একপর্যায়ে সেখানে উপস্থিত গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে।পুলিশের দাবি, হামলার সময় মামলার নথিপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে চাটমোহর থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়।মঙ্গলবার সকালে চাটমোহর থানাহাজতে আটক গ্রামপ্রধান আবদুল ছাত্তার বলেন, তাঁদের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে পুলিশ। না করায় পুলিশ মারধর করে আটক করে। তিনি দাবি করেন, এসআই নূর মোহাম্মদ টাকা নিয়ে বিবাদীর পক্ষে তদন্ত শুরু করলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।অভিযোগ অস্বীকার করে এসআই নূর মোহাম্মদ বলেন, আটক গ্রামপ্রধানদের উসকানিতে গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে ও নথিপত্র ছিনিয়ে নেয়।চাটমোহর থানার পরিদর্শক (ওসি) হাবিবুল ইসলাম এলাকাবাসীর ওপর লাঠিপেটা করার কথা অস্বীকার করেছেন।