পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা
কক্সবাজারের মহেশখালীতে ১৪৪ ধারা ভঙ্গ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপপরিদর্শক সুজন দত্ত মামলাটি করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিদারুল ফেরদাউস বলেন, পুলিশ এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, সোমবার শাপলাপুর বাজারে ইউপি চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী মতবিনিময় সভার আয়োজন করেন৷ একই স্থানে তাঁর প্রতিপক্ষ নুরুল হকের লোকজনও পাল্টা সমাবেশ ডাকে৷ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন৷ পুলিশের বাধায় সমাবেশ করতে না পেরে ইউপি চেয়ারম্যান খালেক বিকেলে কায়দাবাজারে সভা করেন৷ এ সময় নুরুল হকের লোকজনও ঝাড়ু মিছিলসহ পাল্টা বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ নুরুল হকের লোকজনকে ধাওয়া করলে তারাও পাল্টা ধাওয়া করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি চালায়। সংঘর্ষের সময় নুরুল হকের লোকজন আটটি গুলি চালায় বলে অভিযোগ করছে পুলিশ। সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ ১০ জন আহত হয়।