পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কর্মীদের আসামি করে হাটহাজারী মডেল থানায় মামলা করেছে পুলিশ। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।
আসামিরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শাটল ট্রেনভিত্তিক বগি সংগঠন ভিএক্সের (ভার্সিটি এক্সপ্রেস) কর্মী। গত বৃহস্পতিবার রাতে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মঞ্জুর আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে শাখা ছাত্রলীগের একটি পক্ষের জ্যেষ্ঠ নেতাদের প্রত্যক্ষ মদদে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটলেও তাঁদের কাউকেই আসামি করা হয়নি। বরং ঘটনায় জড়িত নন এমন ছাত্রলীগের কর্মীকেও আসামি করার অভিযোগ উঠেছে। থানা সূত্র জানায়, মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন ইতিহাস বিভাগের আহসান হাবিব, মাসুম ও সুলতান, আইইআরটির নাছির উদ্দিন ও নিয়াজ, ব্যবস্থাপনা বিভাগের রাশেদ ও আনিস।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, যাচাই-বাচাইয়ের পর মামলায় আসামিদের নাম দেওয়া হয়েছে। এতে মূল অপরাধীরা বাদ পড়েছে বলে মনে হয় না।