পুলিশের ওপর হামলার ঘটনায় ৮৪ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর সদরের সাইফিয়া দরবার শরীফ এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীসহ ৮৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার সকালে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু ছায়েদ বাদী হয়ে মামলাটি করেন।
যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীর মধ্যে চররমনীমোহন ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিক আহমদ ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মিলন হোসেন রয়েছেন। এজাহারে অন্য ৬০ আসামিকে অজ্ঞাত পরিচয় বলে উল্লেখ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পুলিশকে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। এরই মধ্যে আরিফুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার সাইফিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিলে লাইনে না দাঁড়িয়ে এবং টাকা দিয়ে কুপন না কেটেই খাবার সংগ্রহের চেষ্টাকালে বাধা দিতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। ওই ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ, কনস্টেবল আল আমিন, আবদুল মোতালেব ও মো. হাছান আহত হন।
আরও পড়ুন: