পুলিশের ওপর হামলার মামলায় চট্টগ্রামে চার শিবিরকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ীর একটি মেস থেকে গত শনিবার রাতে ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার চারজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র আল নোমান (১৯), কমার্স কলেজের ছাত্র মাহফুজুর রহমান (১৮), মো. ইব্রাহিম (১৮) ও সাইফুল ইসলাম (২২)। সাইফুল চাকরিজীবী বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানার পুলিশ শিবিরের এই চার কর্মীকে কমার্স কলেজ-সংলগ্ন নূর নাহার ভিলা নামের একটি মেস থেকে গ্রেপ্তার করে। পুলিশ মেস থেকে কিছু জিহাদি বই উদ্ধার করেছে। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) কাজী রকিব উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ১২ ফেব্রুয়ারি জামালখানে পুলিশের ওপর হামলার ঘটনায় এই চারজন জড়িত ছিলেন। তবে রোববার পাঁচলাইশ থানার অন্য একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাস ও চকবাজার এলাকায় পুলিশের ওপর শিবিরের হামলার ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর ওই মামলা হয়েছিল। রোববার সকালে তাঁদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।২৫ অক্টোবর পুলিশের ওপর হামলার মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই মো. আলমগীর বলেন, ২৪ অক্টোবর মেডিকেল হোস্টেল ও চকবাজার এলাকায় শিবির পুলিশের ওপর হামলা করে। ওই ঘটনায় মামলাটি করা হয়েছিল।