পুলিশের ওপর হামলায় আহত ৪, গ্রেপ্তার ২৬
জয়পুরহাটের সদর উপজেলায় পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে পুলিশের চার সদস্য আহত হন। গত শনিবার রাতে উপজেলার ধারকী বড়াইল গ্রামে ওয়াজ মাহফিল চলাকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: সদর থানার কনস্টেবল দবিরুল ইসলাম (৩০), মোয়াজ্জেম হোসেন (৪৮), শফিকুল ইসলাম (২৯) ও শফিউল আলম (৩৫)। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানায় স্থানীয় বম্বু ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানসহ ৭৮ জনের নাম উল্লেখ করে গতকাল রোববার মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার লোককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ২৬ জনকে গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেন, প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়েই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ কিছু লোক লাঠিসোঁটা ও রামদা নিয়ে উপস্থিত ছিল। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানকে প্রধান বক্তা আজিজুল হক যেন বক্তব্য না দেন সে ব্যবস্থা করতে বলে। আজিজুল হক তাঁদের কথা না মেনে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে লোকজনকে উসকে দেয়। ওসি আরও জানান, আজিজুল হককে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করলে ওয়াজ মাহফিলের মঞ্চ ও প্যান্ডেলের বৈদ্যুতিক আলো হঠাৎ বন্ধ করা হয়। এ সুযোগে আজিজুল হক পালিয়ে যান। তাই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজিজুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।