পুলিশের ওয়্যারলেস সেট কেড়ে নিয়ে শিবিরের ভাঙচুর
সিলেটে ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা করে ওয়্যারলেস সেট কেড়ে নিয়ে ভাঙচুর করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। গত শুক্রবার সন্ধ্যায় নগরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।ওয়্যারলেস সেট রক্ষা করতে গিয়ে শিবিরের হামলায় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছাত্রশিবিরের তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় গতকাল শনিবার মহানগর শিবিরের সভাপতিসহ ৩৩ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সন্ধ্যার পরপরই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে একটি ঝটিকা মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। তালতলা এলাকায় একদল পুলিশ মিছিলের পেছনে যেতে শুরু করলে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। পুলিশের এসআই এনামুল হকের হাত থেকে ওয়্যারলেস সেট কেড়ে নেয় মিছিলকারীরা। পুলিশ ওয়্যারলেস সেট উদ্ধার করতে কয়েকটি ফাঁকা রাবার বুলেট ছোড়ে। এ সময় মিছিলকারীরা ছিনিয়ে নেওয়া ওয়্যারলেস সেটটি রাস্তায় আছড়ে ভেঙে ফেলে। মিছিল থেকে পুলিশের ওপর উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ করায় কোতোয়ালি থানার এসআই এনামুল হক আহত হন। তাঁকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ওপর হামলা প্রসঙ্গে মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ জানান, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মোহাম্মদ ইয়াইয়া গত বুধবার রাতে সাংগঠনিক সফরে গ্রিনলাইন পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে সিলেট আসছিলেন। পথে সাদা পোশাকধারী একদল লোক তাঁকে ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে মিছিলটি তালতলা এলাকায় গেলে পুলিশ বাধা দিয়ে লাঠিপেটা শুরু করে। এতে তাঁদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির প্রথম আলোকে জানান, শিবিরের মিছিল থেকে নাশকতা সৃষ্টির আশঙ্কা থাকায় পুলিশ সেখানে যেতেই ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় এসআই এনামুল বাদী হয়ে পুলিশের ওপর হামলার মামলা করেছেন। মামলায় মহানগর শিবিরের সভাপতিসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।