পুলিশের কথায় এক দিন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কথায় সিলেট মহানগর ও জেলা বিএনপির সম্মেলন এক দিন পেছানো হয়েছে। আগামী শনিবার নগরের পূর্ব দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে একই দিন নগর ও জেলার সম্মেলন হওয়ার কথা ছিল।
প্রায় এক সপ্তাহ আগে থেকে সম্মেলনের এ দিনক্ষণ সামনে রেখে বিএনপির প্রচারণাও চলছিল। গতকাল বুধবার বিএনপির পক্ষ থেকে এক দিন পিছিয়ে সম্মেলন রোববার করার বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।
সম্মেলন পেছানোর কারণ সম্পর্কে বিএনপির একটি সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি সিলেট মহানগর পুলিশকে তারিখ ও স্থান জানানোর পর তাদের সম্মতিক্রমে সম্মেলন করার দিনক্ষণ ধার্য করা হয়। এ নিয়ে প্রচারণা চলার এক সপ্তাহের মাথায় পুলিশের পক্ষ থেকে গত মঙ্গলবার রাতে সম্মেলন এক দিন পেছানোর জন্য বলা হয়। আগামী শনিবার সিলেটে পুলিশের পদস্থ কয়েকজন কর্মকর্তা আসবেন। এ কারণে পুলিশ সম্মেলন পেছাতে বলে। এ ব্যাপারে তাৎক্ষণিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে সম্মেলন পেছানোর সিদ্ধান্ত হয়।
যোগাযোগ করলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ সম্মেলন এক দিন পেছানোর সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারণ ‘অনিবার্যবশত’ বলে তিনি জানান।
তবু আলোচনায় আরিফুল: বিএনপির সম্মেলনে এবারই প্রথম কাউন্সিলরদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে। গত বুধবার থেকে এসব পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার রাত আটটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সর্বশেষ সময় ছিল।
বিএনপির মনোনয়ন বোর্ড সূত্র জানায়, সর্বশেষ সময় পর্যন্ত নগর ও জেলার ছয়টি পদে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেছেন। এ সময়ের মধ্যে আরিফুলের পক্ষে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেননি। বিধি অনুযায়ী, ওই ২৩ প্রার্থীর মধ্যে ভোটাভুটি করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
তবু আরিফুল নগর বিএনপির সভাপতি হচ্ছেন—এমন আলোচনা কর্মী-সমর্থক ও নগর সম্মেলনের কাউন্সিলরদের মধ্যে চলছে। আরিফুলের ঘনিষ্ঠ বিএনপির একাধিক নেতা বলেন, আরিফুলকে বিএনপির স্বার্থেই নগর সভাপতির হাল ধরতে হবে। এ কথা সাধারণ কর্মী, এমনকি নগর সম্মেলনের কাউন্সিলরদের মধ্য থেকে প্রকাশ পাচ্ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আরিফুলকে বিষয়টি জানানো হলে তিনি নিজে কোনো মতামত না দিয়ে কেন্দ্রকে জানানোর পরামর্শ দিয়েছিলেন।