পুলিশের কনস্টেবল বলে কথা
কাজ শেষে ওষুধের দোকান থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন (২০)। পথে সাইকেলের ধাক্কা লেগে পুলিশের এক কনস্টেবল সামান্য ব্যথা পান। এতে ক্ষিপ্ত হয়ে ওই কনস্টেবল জাকিরকে এলোপাতাড়ি কিলঘুষি ও বেদম মারধর করেন। মুমূর্ষু অবস্থায় জাকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া থানার সামনে এ ঘটনা ঘটে।
জাকির হোসেন সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের আজাহার উদ্দিনের ছেলে। দরিদ্র পরিবারের সন্তান জাকির স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। বর্তমানে সাটুরিয়া বাজারে কাজী ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে কাজ করেন।
জাকিরের বাবা আজাহার উদ্দিন বলেন, বুধবার রাত আটটার দিকে কাজ শেষে ওষুধের দোকান থেকে সাইকেলে বাড়ি ফিরছিল জাকির। সাড়ে আটটার দিকে সাটুরিয়া থানার সামনে কনস্টেবল সিরাজুল ইসলামের সঙ্গে তাঁর সাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল জাকিরকে চড়-থাপড় দেন। এরপর তাঁকে থানার ভেতরে নিয়ে কিলঘুষি ও লাঠি দিয়ে বেদম পেটাতে থাকেন। একপর্যায়ে জাকির মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় জাকিরকে থানায় আটকে রাখার চেষ্টা করা হয়। পরে অনেক আকুতির পর তাঁকে ছাড়া হয়। এরপর বাইসাইকেল রেখেই তিনি কোনোরকমে বাড়ি ফেরেন। পরে স্বজনেরা তাঁকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আনিসুজ্জামান বলেন, জাকির গুরুতর আহত হয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে কনস্টেবল সিরাজুল ইসলাম দাবি করেন, সাদাপোশাকে তিনি থানায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ওই যুবক সাইকেল নিয়ে তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি ব্যথা পান। সাইকেল থেকে পড়ে গিয়ে ওই যুবকও ব্যথা পান।
মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাটুরিয়া থানার পরিদর্শক আলমগীর হোসেন তা ধরেননি।
মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’