নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে চার আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় শিবিরের কর্মী ময়নুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়নুল ইসলাম লক্ষ্মীচাপ ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ময়নুল ইসলাম শিবিরের কর্মী কি না জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আগে শিবির করতাম, এখন করি না।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, গ্রেপ্তার ময়নুল ইসলাম শিবিরের সক্রিয় কর্মী। তিনি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যা মামলায় পুলিশের তদন্তে পাওয়া আসামি। এ নিয়ে ওই মামলায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হলো।
গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে ময়নুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
২০১৩ সালের ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নীলফামারীর লক্ষ্মীচাপ, টুপামারীসহ জেলার বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা চালান।
গত বছরের ১৪ ডিসেম্বর স্থানীয় সাংসদ ও বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন শেষে বিকেলে গাড়িবহর নিয়ে শহরে ফিরছিলেন। পথে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা হামলা চালান।
ওই হামলায় স্থানীয় কৃষক লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের চার নেতা-কর্মী ও এক পথচারী নিহত হন। এ ঘটনায় নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।