পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
গোপালগঞ্জে কাশিয়ানী থানার এক উপপরিদর্শককে মারধর করে আসামি মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়েছেন তাঁর সহযোগীরা। গতকাল শুক্রবার বিকেলে কাশিয়ানী উপজেলার ধঞ্জাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।পুলিশ জানায়, যশোর কোতোয়ালি ও ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় গাড়ি ছিনতাইসহ বেশ কয়েকটি মামলার আসামি মিজানুরের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে মিজানুরকে গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয় কাশিয়ানী থানার এসআই শরিফুলের ওপর। গতকাল বিকেলে ওই পুলিশ কর্মকর্তা উপজেলার ধঞ্জাইল গ্রামে মিজানুরের বাড়িতে যান। প্রথমে পুলিশের সঙ্গে তাঁর কথাকাটাকাটি ও পরে পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মিজানুর চিৎকার দিলে তাঁর সহযোগী ১৫-১৬ জন এগিয়ে আসেন। পরে সহযোগীরা শরিফুলকে মারধর করে মিজানুরকে ছিনিয়ে নেন।শরিফুল মুঠোফোনে ঘটনা জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাঁকে উদ্ধার করেন। কাশিয়ানী থানার ওসি (প্রশাসন) মেজবাহ উদ্দিন বলেন, এ সময় কনস্টেবল শাজাহান অবস্থা বেগতিক দেখে আগেই সরে যান। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) হামিদুল হক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।