পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহরণ মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে আসামির আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার তালোড়া দুবড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই আসামির বোনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুবড়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১২) গত সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই গ্রামের আলামিন (১৮) মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা ওই দিন রাতেই আলামিন ও তার বাবাসহ পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান একজন পুলিশ নিয়ে গত মঙ্গলবার বিকেলে ওই গ্রামে যান। আলামিনের বাবা দুলাল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে আসামির আত্মীয়স্বজনসহ স্থানীয় লোকজন তাঁকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুলাল হোসেনের বোন মোসলেমা বেগমকে গ্রেপ্তার করে। অপহূত ওই ছাত্রীকে পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান বলেন, অপহরণ মামলার আসামি দুলাল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে লোকজন তাঁকে ছিনিয়ে নেয়। এ ব্যাপারে ওই গ্রামের ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।