পুলিশের কাছ থেকে আসামির পলায়ন
চট্টগ্রামে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছেন ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামি। তাঁর নাম মোস্তফা হোসেন ওরফে রানা। আজ রোববার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নগরের হালিশহর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে জানান, গতকাল শনিবার রাতে হালিশহর বি ব্লক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন হিসেবে মোস্তফা হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ। বাকি তিনজন হলেন খসরু, আবদুল আলম ওরফে রানা ও নজরুল। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়।
ওসি জানান, আজ বিকেলে চার আসামিকে আদালতে নিয়ে যান হালিশহর থানার এএসআই আবদুর রাজ্জাক। আদালত ভবনে নিয়ে যাওয়ার পর কোর্ট পুলিশকে আসামি বুঝিয়ে দেওয়ার আগে মোস্তফা হোসেন পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। বাকি তিন আসামিকে আদালতের হাজতখানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়।
আদালতের হাজতখানা পুলিশের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন বলেন, ‘হালিশহর থানা থেকে চার আসামিকে আনা হলেও তিন আসামিকে আমরা বুঝিয়ে পেয়েছি।’
হালিশহর থানার ওসি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।