পুলিশের কাছ থেকে ডাকাত ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় শানু মিয়া (৩০) নামের এক ডাকাতকে তাঁর স্বজন ও সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছেন৷ গতকালসোমবার সকাল সাতটার দিকে উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকার কয়েকজন জানান, গত রোববার রাত ১২টার দিকে মেঘনা নদীর তীরবর্তী দুবাজাইল গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসী ধাওয়া করে শানু নামের এক ডাকাতকে আটক করেন। গতকাল সরাইল থানার উপপরিদর্শক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে গিয়ে শানুকে গ্রেপ্তার করে। তারা হাতকড়া পড়িয়ে শানুকে নিয়ে দুবাজাইল থেকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির উদ্দেশে রওনা দেয়। অরুয়াইলে শানুদের বাড়ির কাছে আসামাত্র তাঁর স্বজন ও সহযোগী ডাকাতেরা ধস্তাধস্তি করে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নিয়ে যান।
সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।