পুলিশের কাছ থেকে মোটরসাইকেল ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি বাজার এলাকায় পুলিশের কাছ থেকে গত বৃহস্পতিবার একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) ময়েন উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুলিশ কনস্টেবল শরিফ হাসান নিয়মিত চেকপোস্টে আটক করা একটি মোটরসাইকেল থানায় নিয়ে আসছিলেন। পথে বালিয়াকান্দি বাজার এলাকার সেতু পার হওয়ার পর পরই রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহসভাপতি আলম বিশ্বাস ও তাঁর দু-তিনজন সহযোগী ওই মোটরসাইকেলটি তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এসআই অলক কুমার বাদী হয়ে দ্রুতবিচার আইনে আলম বিশ্বাসসহ অজ্ঞাতপরিচয় দু-তিনজনের বিরুদ্ধে ওই দিন রাতেই থানায় একটি মামলা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ ছিনতাই হওয়া মোটরসাইকেলটি শুক্রবার সকালে থানা গেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। আলম বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।