পুলিশের কাছে থাকবে শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর ও আশপাশের ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের ছবিসহ জীবনবৃত্তান্ত সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসের মালিকেরা। সাধারণ শিক্ষার্থীদের পুলিশি হয়রানি এড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত সোমবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দপ্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মেস মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিনোদপুর মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর ও আশপাশের এলাকার ছাত্রাবাসগুলোতে পুলিশি অভিযান জোরদার করা হয়। এতে হয়রানির শিকার হয়ে শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে চলে যাওয়া শুরু করেছেন। ফলে মেসের মালিকেরা ব্যবসায়িকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।তিনি আরও জানান, ছাত্রাবাসে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে ছাত্রাবাসে অবস্থানরত সব শিক্ষার্থীর ছবিসহ জীবনবৃত্তান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে রক্ষা পাবেন। সভায় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান, উপপুলিশ কমিশনার গোলাম মাহমুদ, সহকারী পুলিশ কমিশনার আবুল হাসনাতসহ মেস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।