পুলিশের কাছে ফিরছে প্রতারণা-জালিয়াতি মামলার তদন্তভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও জালিয়াতির মামলা তদন্তের এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাত থেকে পুলিশের কাছে ফিরে যাচ্ছে। এ জন্য আজ রোববার দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১৫ সংসদে উত্থাপিত হয়েছে।

সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, সরকারি সম্পত্তি সম্পর্কিত এবং সরকারি ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতি মামলা ছাড়া অন্যান্য কয়েকটি অপরাধের মামলা তদন্তের দায়িত্ব পুলিশ পাবে।
২০১৩ সালের ডিসেম্বরে এক সংশোধনীতে দণ্ডবিধির ৪২০,৪৬৭, ৪৬৮,৪৬৯ ও ৪৭১ ধারার অপরাধ তদন্তের দায়িত্বও দুদকের ওপর বর্তায়। ৪২০ ধারাটি প্রতারণা সংক্রান্ত। অন্যগুলো ব্যক্তিগত অর্থ আত্মসাৎ ও জালিয়াতি সংক্রান্ত। ২০১৩ সালের ডিসেম্বরের আগ পর্যন্ত এসব ধারার মামলা তদন্ত করত পুলিশ। বিচার করতেন হাকিম আদালতে। আইন সংশোধনের ফলে দুদক আইনের তফসিলভুক্ত অপরাধের বিচারের এখতিয়ার জেলা জজ আদালতের হাতে চলে যায়। কিন্তু জজ আদালতের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এসব মামলার বিচার কাজে দীর্ঘসূত্রতা তৈরি হয়। ফলে প্রতারণা ও জালিয়াতির মামলা নিয়ে অচলাবস্থা তৈরি হয়।
সংসদে উত্থাপিত বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মতিয়া চৌধুরী বলেন, এই সংশোধনীর মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর অধীন কেবল ঘুষ ও দুর্নীতি সংক্রান্ত অপরাধগুলো তদন্ত করবে দুদক।