কেরানীগঞ্জ মডেল থানার মাদারীপুর এলাকায় গত সোমবার গৃহকর্ত্রী শাহিদা বেগম ও তাঁর নাতি আহাদ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ নিহতের ছেলে মো. সেলিমকে (২৭) গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদারীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম পুলিশের কাছে হত্যার বিবরণ দিয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। এদিকে নিহত শাহিদার ছোট ভাই মামুন বাদী হয়ে সোমবার গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।পুলিশ জানায়, গ্রেপ্তার সেলিম পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানান, ব্যবসা করার জন্য তিনি বিভিন্ন এনজিও ও লোকের কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেন। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় এ টাকা ফেরত দিতে পারছিলেন না। তাঁর মা কয়েক দিন আগে ব্যাংক থেকে এক লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করেন। মায়ের সেই টাকা পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। কিন্তু টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি মাকে হত্যার পরিকল্পনা করেন। হত্যাকাণ্ডের দুই দিন আগে তিনি ঢাকার বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু ঢাকায় তিনি এক বন্ধুর বাড়িতে থেকে যান। ঘটনার দিন ভোর চারটায় নিজের বাড়ির চালে উঠে অপেক্ষা করতে থাকেন। সকাল সাড়ে ছয়টায় বাবা ইসমাইল বাড়ি থেকে বের হলে তিনি নিচে নেমে আসেন। এ সময় বাসায় থাকা বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাকে হত্যা করেন। মৃতু ্য নিশ্চিত করতে তিনি ঘরে রাখা শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় ঘরে থাকা তাঁর শিশু ছেলে সালমান ও ভাগনে আহাদকে শাবল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে বাথরুমে ঢুকে রক্ত ধুয়ে মায়ের বোরকা ও জুতা পরে বেরিয়ে যান তিনি। এরপর গভীর রাতে এলাকায় এসে এক বন্ধুর সঙ্গে ইয়াবা বড়ি সেবন করেন। সকালে বাসায় যাওয়ায় সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।এদিকে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সালমান মারা যায়। দুপুরে মিটফোর্ড হাসপাতালে নিহত শাহিদা ও নাতি আহাদের ময়নাতদন্ত শেষে স্থানীয় নেকরোজবাগ কবরস্থানে বাদ আসর তাদের দাফন সম্পন্ন হয়।