পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার ফারুক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন

পুলিশের করা শাহবাগ থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। কারাগারে পাঠানো অপর দুজন হলেন তরিকুল ইসলাম ও জসিম উদ্দিন।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ৯ এপ্রিল শাহবাগ থানায় করা পুলিশের মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় বেআইনি সমাবেশ করার অভিযোগ আনা হয়েছে।

গতকাল সোমবার কোটা সংস্কার আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে গেলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। আন্দোলনকারীদের কিল, ঘুষি, লাথি মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেনকে মোটরসাইকেলে তুলে শাহবাগ থানায় নিয়ে যান ছাত্রলীগের এক কর্মী।

ফারুকের ভাই আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভাইয়ের খোঁজে তিনি শাহবাগ, রমনা ও নিউমার্কেট থানায় গিয়েছিলেন। কিন্তু কোথাও পাননি। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। আল আমিন নামে ছাত্রলীগের এক কর্মী তাঁকে জানান, তিনি ফারুককে তুলে নিয়ে শাহবাগ থানায় দিয়ে আসেন। প্রথম আলোর পক্ষ থেকে আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফারুককে তিনি তাঁর মোটারবাইকে করে শাহবাগ থানায় দিয়ে এসেছিলেন।