পুলিশের কাজে বাধা দেওয়ায় জামায়াতের আট সদস্য জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের কাজে বাধা ও জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারকৃত উপজেলা জামায়াতের আট সদস্যকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।উপজেলা বিএনপি ও জামায়াত রোববার বিকেলে শহরে মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় পুলিশ বাধা দেয়। এ নিয়ে বিএনপি ও জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ (কনস্টেবল) ১৭ জন আহত হন।এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বিকেল চারটা থেকে আধঘণ্টা সুন্দরগঞ্জ থানা ঘেরাও করে রাখেন। পরে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭০টি শর্টগানের গুলি ও দুটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের কাজে বাধা ও জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা জামায়াতের সদস্য আব্দুস সাত্তার, জহির উদ্দীন, মহির মিয়া, গাউসুল আজম, মাহবুর রহমান, আতিকুর মিয়া, সাহিদুর রহমান ও সাইফুল ইসলাম।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা শহরের দলীয় কার্যালয় থেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ১৮ দলের ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড়ে এলে পুলিশ বাধা দেয়। তাঁরা বাধা অতিক্রম করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।এ সময় পুলিশের সদস্য নিতাই চন্দ্র ও আব্দুর রাজ্জাকসহ ১৭ জন আহত হন। নিতাই চন্দ্রকে গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সহস্রাধিক বিএনপি-জামায়াত নেতা-কর্মী মিছিল নিয়ে থানা ভবন ঘেরাও করেন।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জালাল উদ্দিন থানা ঘেরাওয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি-জামায়াতের মিছিল থেকে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালালে এই ঘটনা ঘটে।