পুলিশের কাজে বাধা মামলায় মাহমুদুরের জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার করা মামলায় প্রকাশনা বাতিল হওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আদেশের কার্যকারিতা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। এ সময়ের মধ্যে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। একই অভিযোগে কোতোয়ালি থানায় করা মামলায় জামিন স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদনটি ১৮ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়। জানা যায়, গত ১২ জুলাই এ দুটি মামলাসহ চার মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত হাইকোর্ট মাহমুদুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ দুটি মামলায় আপিল বিভাগে আবেদন করে। গতকাল শুনানির পর আদালত আদেশ দেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে রফিক-উল হক, আবদুর রাজ্জাক ও এ জে মোহাম্মদ আলী এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন মামলা পরিচালনা করেন।