পুলিশের খরচ ১ লাখ টাকা!
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর সদরের এক যুবককে চার লাখ ৫৭ হাজার টাকাসহ ধরে নিয়ে রাতে খরচের জন্য এক লাখ টাকা রেখে বাকি টাকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
এ ঘটনা এলাকায় জানাজানির পর চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ তা অস্বীকার করেছে।
সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলা সদর পৌরসভার বিবিরহাট বাজারের ইসলামী ব্যাংক ফটিকছড়ি শাখা থেকে গত রোববার দুপুরে চার লাখ ৫৭ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন মো. মোবারক হোসেন। দুবাই থেকে মোবারকের বড় ভাই মো. ইসমাইল ওই টাকা পাঠান। ওই টাকা ব্যাংক থেকে তুলে ফেরার পথে বিবিরহাটের এবিসি রোড থেকে ‘থানায় ওসি ডাকছে’ বলে সাদাপোশাকে এএসআই এম এ মাজেদ মোবারককে ডেকে থানায় নিয়ে যান। থানায় মোবারককে বারবার হুন্ডি ব্যবসায়ী বলে ধমকায় পুলিশ। পরে তাঁর কাছে থাকা চার লাখ ৫৭ হাজার টাকা ও মোবাইল সেট রেখে থানা-হাজতে ঢুকিয়ে দেয় মোবারককে। এ খবর তাঁর স্বজনেরা জানলে থানায় এসে সবাই ভিড় জমান। রোববার গভীর রাতে তাঁকে তিন লাখ ৫৭ হাজার টাকা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু এক লাখ টাকা পুলিশের খরচ বলে রেখে দেয়। গতকাল সোমবার সকালে মোবারকের বাবা ওবাইদুল হক সাংবাদিকদের জানান, ‘আমরা গরিব বলে পুলিশ আমাদের টাকা এভাবেই মেরে দিয়েছে। আমার অভাবী সংসারের টাকায় ওসি ভাগ বসাল? রাতে যারা থানা থেকে আমার ছেলেকে ছাড়িয়েছে তাদের থেকে ওসি সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে। উল্টো শাসিয়েছে কাউকে কিছু না বলার জন্য।’
মোবারকের চাচাতো ভাই মো. জুনায়েদ বলেন, পুলিশের কাছে তথ্যপ্রমাণ থাকলে হুন্ডি ব্যবসায়ী বলে সব টাকাসহ মোবারককে জেলহাজতে চালান করতে পারত।
তিনি বলেন, হুমকি দিয়ে টাকা দিতে বাধ্য করেছে পুলিশ। সাদাপোশাকে মোবারককে আটককারী মাজেদ বলেন, আটককৃত ছেলেটি নিরীহ হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। টাকার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া বলেন, তথ্যপ্রমাণে মোবারক হুন্ডি ব্যবসায়ী নন বলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। টাকা রেখে দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি তা অস্বীকার করেন। আরও বলেন, লোকে অনেক মিথ্যা কথা বলতে পারে।