পুলিশের খোয়া যাওয়া অস্ত্র চার মাসেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার মাস পেরিয়ে গেলেও রাজধানীর নিকুঞ্জ থেকে খিলক্ষেত পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। গ্রেপ্তার হয়নি মামলার প্রধান দুই অভিযুক্ত।গত ১৭ আগস্ট রাতে ছাত্রী উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে স্থানীয় এক বস্তির নেতা ও তাঁর অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে খিলক্ষেত থানা পুলিশের চার সদস্য চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম, উপপরিদর্শক (এসআই) হাবিবুল ইসলাম, কনস্টেবল জাকির হোসেন ও কনস্টেবল (চালক) এমদাদ আহত হন। উপপরিদর্শক হাবিবুলের সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।খিলক্ষেত থানার পুলিশ দুই মাস তদন্তের পর মামলাটি তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। তবে ঘটনার হোতা বস্তিনেতা একাব্বর ও তাঁর ছেলে সুমন এখনো ধরাছোঁয়ার বাইরে।পুলিশের ওপর হামলার ঘটনার ২৪ ঘণ্টা পর ২১ জনের নাম উল্লেখ করে খিলক্ষেত থানায় একটি মামলা করে পুলিশ। মামলার ২১ জন আসামি হচ্ছেন একাব্বর আলী, তাঁর ছেলে সুমন ও রাজন, আলামীন, সোহাগ, আনোয়ার, সোহেল শিকদার, মনির হোসেন, মাসুম মিয়া, লাল মিয়া, ইয়াকুব, শাহাজাহান, ফারুক, তনু, বাদশা, রাসেল, সানি, মনির, ফায়জুল, রাজীব ও হাশিম। এই মামলার প্রধান দুই আসামি বাদে এখন পর্যন্ত ১৭ জন গ্রেপ্তার রয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মামলার প্রধান অভিযুক্ত একাব্বর হোসেন ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকার কারণে তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। তবে থানার পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, অস্ত্রটি উদ্ধার হয়নি। দুই মাস আগে মামলাটি ডিবির কাছে গেছে। পুলিশ আসামিদের ধরার আপ্রাণ চেষ্টা চালিয়েও পারেনি।এখন মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একাব্বর ও তাঁর ছেলে সুমনকে খোঁজা হচ্ছে। বহুভাবে বিভিন্ন জায়গায় খোঁজ করেছি।’গোয়েন্দা পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট সদস্যরা বলছেন, ঘটনার দীর্ঘদিন পর থানার পুলিশ ডিবির কাছে মামলার দায়িত্বভার দিয়েছে।