পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কর্মীদের হাতে মারধরের শিকার পুলিশ কর্মকর্তার খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গতকাল সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, শহীদ ফারুক সড়কের একটি ডাস্টবিনে জুতার বাক্সে পিস্তলটি রাখা আছে। পরে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে জুতার বাক্সের মধ্যে আটটি গুলিভর্তি পিস্তলটি দেখতে পায়। উপকমিশনার বলেন, ছিনিয়ে নেওয়ার সময় পিস্তলে আটটিই গুলি ছিল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পরদিন জামায়াত-শিবিরকর্মীরা দৈনিক বাংলা মোড়ে মতিঝিল এলাকার টহল পরিদর্শক আবুল বাশারের কাছ থেকে সিজেড পিস্তলটি ছিনিয়ে নেন। ভাঙচুর ও পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার ছয়জনের নাম উল্লেখসহ প্রায় ৫০০ ব্যক্তিকে আসামি করে মতিঝিল থানায় দুটি মামলা হয়।এ ঘটনায় গতকাল পর্যন্ত ঢাকা জজকোর্টের রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবীসহ (এজিপি) ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার রাতে শাহজাহানপুর রেলওয়ে কলোনির জামায়াতের অফিসে অভিযান চালিয়ে আইনজীবী এম এ জলিল, জাকির হোসেন, আবদুস সালাম, বেলাল হোসেন, মোহাম্মদ সালাম, শাহাবুদ্দিন, মোর্শেদ আলী ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নূরুল আমিন, শাহেদুর রহিম ও আনিসুজ্জামান নামের তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। ১০ দিনের রিমান্ডে এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, আইনজীবী এম এ জলিল জামায়াত রেলওয়ে অফিস ইউনিটের সভাপতি। আইনজীবী বলে তাঁর জামিন হয়েছে। আসামিদের মধ্যে জাকির হোসেন ৩৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ও বেলাল হোসেন জামায়াত ইউনিটের সেক্রেটারি। মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, হামলা ও পিস্তল ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।