পুলিশের গাড়িচাপায় কারখানাশ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলাবাজারে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ির চাপায় এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রাণু নাহার (৩০) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিলবাঘমারা গ্রামের বাসিন্দা। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহনে ও স্থানীয় একটি কারখানায় ভাঙচুর চালায়।
থানার পুলিশ সূত্র জানায়, শ্রীপুরের রঙ্গিলাবাজারের প্যারাডাইস স্পিনিং লিমিটেডের শ্রমিক ছিলেন রাণু। গত রোববার তিনি রাতের পালায় কারখানায় কাজ করেন। কারখানা থেকে বাড়ি ফেরার সময় গতকাল সকাল ছয়টার দিকে তিনি মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় পুলিশ সদস্যবাহী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শী পাঁচজন বলেন, ওই সময় ভ্যানে পুলিশ সদস্যরাও ছিলেন।
পরে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। প্যারাডাইস কারখানার শ্রমিকেরা এলাকাবাসীর ডাকে সাড়া না দেওয়ায় ওই কারখানার প্রধান ফটকেও ভাঙচুর চালানো হয়।