রাজধানীর বনানীতে ধর্ষণের অভিযোগে দুই শিক্ষার্থীর মামলা গ্রহণ ও পরবর্তী কার্যক্রমে পুলিশের কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে তিনি বলেন, তদন্তে ‘কিছু ব্যত্যয়’ পাওয়া গেছে। এ জন্য বনানী থানা-পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৈফিয়ত তলব করা হয়েছে।
গতকাল সোমবার নিজের কার্যালয়ে আসন্ন রমজান মাসের নিরাপত্তা নিয়ে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তাহলে মামলা নিতে বিলম্ব কেন হলো, জানতে চাইলে কমিশনার বলেন, ‘বনানীর ঘটনায় মামলা হয়েছে। মামলা নিতে কেন বিলম্ব হয়েছে তার উপযুক্ত ব্যাখ্যা আমি নিজে লিখিতভাবে দিয়েছি। আইন অনুসারে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে যদি এমন ধরনের অভিযোগ আসে যে অভিযোগটির (যুক্তিসংগতভাবে) প্রাথমিক সত্যতা যাচাইয়ের প্রয়োজন আছে, তাহলে তিনি তদন্ত করবেন, যাতে নিরীহ লোক হয়রানির শিকার না হয়, সে জন্য সেটি তিনি প্রাথমিকভাবে তদন্ত করে মামলা নেবেন। এটা ফৌজদারি কার্যবিধির ১৫৭ ধারার বিধান।’
কমিশনার বলেন, ‘ঘটনা ঘটার এক মাস সাত দিন পর আমাদের কাছে অভিযোগ এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে, ঘটনা সত্য হলে তাৎক্ষণিকভাবে কেন অভিযোগ আসেনি। সুতরাং এই যে অস্বাভাবিক বিলম্ব, স্পর্শকাতর একটি মামলার ক্ষেত্রে সেটি প্রাথমিকভাবে তদন্ত করার প্রয়োজন ছিল। পেশাদারি বাহিনী হিসেবে আমরা আমাদের দায়িত্বে এক বিন্দু গাফিলতি করিনি। আইনের বাইরে একটি কাজও করিনি। মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা বিভাগ, ক্রাইম ডিভিশন, হিউম্যান সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সমন্বয়ে সিনিয়র কর্মকর্তার নেতৃত্বে টিম করে দিয়েছি। একের পর এক সব আসামি গ্রেপ্তার হয়েছে।’
কমিশনার বলেন, ‘এই অপরাধ প্রমাণ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার জন্য আমাদের পেশাদারি কাজের কোনো গাফিলতি নেই। তারপরও যেহেতু কথা উঠেছে যে মামলা রুজুতে ও আসামি গ্রেপ্তারে কেন বিলম্ব হলো, সেটির বিষয়ে আমাদের স্বচ্ছতা প্রমাণের জন্য অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি কমিটি করেছি। কমিটি ইতিমধ্যেই প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা তলব করব। তাঁরা জবাব দিলে তাঁদের জবানবন্দি পর্যালোচনা, পারিপার্শ্বিক সাক্ষ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। কেউ আইনের ব্যত্যয় ঘটালে তার দায় তাঁর। এই দায়ভার পুলিশ বিভাগ নেবে না।’
পুলিশের গাফিলতি নেই—তদন্ত প্রতিবেদনে তাই বলা হয়েছে কি না জানতে চাইলে কমিশনার বলেন, ‘কিছু যদি ব্যত্যয় না হবে তাহলে কেন কৈফিয়ত তলব করা হবে। কিছু ব্যত্যয় নিশ্চয়ই হয়েছে। যে কারণে তদন্ত কমিটি হয়েছিল।’
কমিশনার বলেন, ‘তদন্তে মেজর কোনো ব্যত্যয় পাওয়া যায়নি, মাইনর কিছু ব্যত্যয় পাওয়া গেছে। সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কৈফিয়ত তলব করা হয়েছে। জবাব পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বনানীর ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজন কারাগারে রয়েছেন। অন্যতম আসামি নাঈম আশরাফ পরিচয় দেওয়া আবদুল হালিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা হয়। ঘটনার শিকার ছাত্রীদের অভিযোগ, তাঁদের ৪৮ ঘণ্টা বসিয়ে রাখার পর মামলা নেয় পুলিশ। তাঁরা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ করেন। এ ঘটনা গণমাধ্যমে ব্যাপক আলোচিত হওয়ার পর মামলা গ্রহণ ও তদন্তে পুলিশের কোনো গাফিলতি আছে কি না তা তদন্তে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে একটি কমিটি করা হয়। এক দফা সময় বাড়ানোর পর গত রোববার সেই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। গতকাল কমিটি তাদের প্রতিবেদন কমিশনারের কাছে জমা দেয়।
এদিকে আজ রেইনট্রি হোটেলের মালিক বিএএইচ আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে সশরীর শুনানিতে অংশ নিতে হচ্ছে। গত ১৪ মে শুল্ক গোয়েন্দার অভিযানে বনানীর রেইনট্রি হোটেলের ১০১ নম্বর কক্ষে ১০ বোতল মদ পাওয়া যায়। প্রথমে হোটেল কর্তৃপক্ষ আটক মাদককে জুস হিসেবে বর্ণনা করে। এরপর সংবাদ সম্মেলন করে হোটেল থেকে মদ উদ্ধার হয়নি বলে দাবি করে। এসব নিয়ে শুনানির জন্য শুল্ক গোয়েন্দারা হোটেল রেইনট্রি কর্তৃপক্ষকে গত ১৭ মে তলব করেন। তখন অসুস্থতার কথা বলে সময় প্রার্থনা করে রেইনট্রির মালিক পক্ষ। হোটেল মালিককে ৬ দিনের সময় দিয়ে ২৩ মে সশরীর হাজির হতে পুনরায় নোটিশ দেওয়া হয়। রেইনট্রি কর্তৃপক্ষ এই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিতাদেশ দেন। এর পরপরই রাষ্ট্রপক্ষ ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে। সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে গতকাল বিকেলেই শুনানি শেষে হাইকোর্টের স্থগিতাদেশটি ছয় মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। এর ফলে আজ মঙ্গলবার রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে শুল্ক আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং আইনে অভিযোগের অনুসন্ধান ও তদন্তের শুনানিতে অংশ নিতে হবে।