পুলিশের গায়ে হাত তুললেন ফাঁসির আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের গায়ে হাত তুললেন ফাঁসির আসামি দীপক দত্ত ওরফে ভোলা। পুলিশের অন্য সদস্যরা এসে রক্ষা করায় প্রাণে বেঁচে যান এক কনস্টেবল।

গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের জেলা হাজতখানায় এ ঘটনা ঘটে। পরে কড়া পুলিশি পাহারায় ভোলাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তিনি আইনজীবীর ছেলে শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রাউজান থানার একটি হত্যা মামলায় হাজিরা শেষে দীপক দত্তকে জেলা হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় তিনি পুলিশের দায়িত্বরত সদস্যদের গালাগাল করতে থাকেন। আদালতের বারান্দায় বসে স্বজন ও সহযোগীদের সঙ্গে সাক্ষাতের কথা বলেন পুলিশকে। কিন্তু এ সময় হাজতখানায় পুলিশের অনিয়ম নিয়ে তদন্ত করছে পুলিশের একাধিক দল। এ কারণে কোনো সন্ত্রাসী ও আসামিকে অবৈধ সুবিধা দিতে পারছে না পুলিশ।

গতকাল বেলা একটা ২০ মিনিটে হাজতখানায় ঢুকতেই ভোলা রেগে যান। এ সময় পুলিশের সদস্যদের কাছে মোবাইল ফোনে কথা বলা এবং তাঁর শ্যালক ও সহযোগীদের হাজতখানায় প্রবেশ করানোর আবদার করেন। তা না করা হলে পুলিশের দায়িত্বরত সদস্যদের মারতে আসেন ভোলা। তাঁকে থামাতে গেলে কনস্টেবল মাহবুবের গায়ে হাত তোলেন। একপর্যায়ে তাঁর পোশাক টেনে ধরে গালাগাল করতে থাকেন। এ সময় পাশের মহানগর হাজতখানা থেকে পুলিশের অতিরিক্ত সদস্যরা এসে ভোলার হাত থেকে কনস্টেবল মাহবুবকে রক্ষা করেন। এ সময় ভোলা উচ্চ স্বরে বলতে থাকেন, ‘আমি ফাঁসির আসামি। আমি যা বলি, তাই হবে। আমাকে বাধা দিচ্ছিস কেন। জানিস, আমি কে। তোদের মারলে কী হবে।’

ভোলা হাজতখানার প্রবেশমুখে প্রথম আলোর প্রতিবেদককে দেখে তেড়ে আসার চেষ্টা করেন। পরে জেলা কোর্ট পরিদর্শক উনু মং এসে আসামি ভোলাকে কারাগারে পাঠিয়ে দেন।

কনস্টেবল মাহবুব প্রথম আলোকে বলেন, ‘হাজিরা শেষে হাজতখানায় নিয়ে আসায় আসামি ভোলা আমার গায়ে হাত তোলে। প্রায়ই সে হাজিরা দিতে এলে মোবাইল ফোনে কথা বলাসহ নানা অবৈধ সুযোগ দাবি করে। আমরা জিম্মি হয়ে আছি তাদের হাতে।’ জেলা হাজতখানার অপর হাবিলদার আবদুর রব বলেন, ‘ভোলা এক এমপির কথা বলে আমাদের হেনস্তা করে। বাধা দিলে বদলির হুমকিও দেয়।’

পুলিশের ওপর হামলার ঘটনায় আসামি ভোলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, জানতে চাইল জেলা কোর্ট পরিদর্শক উনু মং বলেন, ‘ভোলা প্রায়ই আদালতে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। কী করব, তাকে তাড়াতাড়ি কারাগারে পাঠিয়ে দিয়েছি।’