পুলিশের গাড়ি দেখে পুকুরে লাফ, ভেসে উঠল লাশ
পুলিশি তাড়া খেয়ে বৃহস্পতিবার পুকুরে লাফ দেন পাঁচজন। তাঁদের চারজন সাঁতরে উঠলেও কবির হোসেন (৩২) নিখোঁজ হন। দমকল বাহিনীর সদস্যরা সন্ধান না পেলে চাঁদপুর থেকে ডুবুরি আনা হয়। তাঁরাও ব্যর্থ হন। রাতভর পুকুরের চারদিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে নির্ঘুম রাত কাটান স্বজনেরা। গতকাল শুক্রবার সকাল সাতটায় হঠাৎ ভেসে ওঠে কবিরের লাশ। কুমিল্লা নগরের ১৮ নম্বর ওয়ার্ডের উত্তর নূরপুর এলাকার বুধির পুকুরে এ ঘটনা ঘটে। কুমিল্লা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শওকত আকবর বলেন, গত বৃহস্পতিবার ভোরে পুকুরের পাড়ে জুয়া খেলছিলেন কয়েকজন ব্যক্তি। এ সময় পুকুরের পাড় দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবিরসহ অন্যরা পানিতে ঝাঁপ দেন। গতকাল সকালে পুকুরের পানিতে কবিরের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কবিরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁর স্ত্রী রুনি আক্তার বলেন, ‘আমরা কোনো মামলা করিনি। এলাকার মুরব্বিদের সঙ্গে কথা বলে লাশ দাফন করা হয়েছে।’কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ওই গাড়িতে পুলিশ ছিল না। হয়তো অন্য কোনো বাহিনী সেখান দিয়ে যাচ্ছিল।