প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে গতকাল রোববার রাত সাড়ে আটটায়। তবে কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া নগরের হামজারবাগ ও আগ্রাবাদ এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে রাতে।
এদিকে রাত আটটায় চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের কর্মী সন্দেহে চারজনকে আটক করে পুলিশ।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মির্জা সায়েম মাহমুদ বলেন, রাতের আঁধারে ককটেল বিস্ফোরণসহ নাশকতা কর্মকাণ্ডে জড়িত কিছু যুবক কলেজ ছাত্রাবাসে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। আটক হওয়া ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ প্রথম আলোকে বলেন, নগরের বহদ্দারহাট এলাকায় টহল দেওয়ার সময় পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। তবে ককটেলটি গাড়িতে পড়েনি।