পুলিশের গাড়িতে ডাকাতি করতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল করে পুলিশের গাড়ি ডাকাতি করতে গিয়ে ধরা খেল তিন ডাকাত। এ সময় ডাকাতদের কাছ থেকে পুলিশ একটি দেশি পাইপগান, দুটি গুলি ও একটি ছোরা উদ্ধার করে। গত শনিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে এ ঘটনা ঘটে। আটককৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, খুলনার রূপসা উপজেলার নইহাদী গ্রামের বাবু শেখ (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বরফা শেখপাড়া গ্রামের আফজাল মোল্লা (২৫), খুলনা কোতোয়ালি থানার খালপাড়া রোডের নূর মোহাম্মদ (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায় এসে তাঁরা ডাকাতদের ব্যারিকেডে পড়েন। একটি ট্রাক রেখে ডাকাতেরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। গোয়েন্দা পুলিশ গাড়ি থেকে নেমে অগ্রসর হলে ট্রাকে করে ডাকাতেরা পালিয়ে যায়। এ সময় গোয়েন্দা পুলিশও তাঁদের পিছু নেয়। বেতারে খবর পেয়ে পথে বিভিন্ন স্থানে পুলিশ ট্রাকটি থামানোর চেষ্টা করে। মুকসুদপুরে পুলিশ গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে ট্রাক থেকে তিনজনকে আটক করা হয়।